ঠাকুরগাঁও থেকে গ্রেফতার বৃদ্ধার ওপর নির্যাতনকারী গৃহকর্মী :


রাজধানীর মালিবাগের একটি ফাঁকা বাসায় সত্তরোর্ধ্ব এক বৃদ্ধার ওপর নির্যাতনকারী গৃহকর্মী রেখাকে ঠাকুরগাঁও থেকে গ্রেফতার করা হয়েছে। বুধবার গভীর রাতে ওই গৃহকর্মীকে গ্রেফতার করে পুলিশ।

ঘটনার পর প্রথমে ডেমরায় আশ্রয় নেয় রেখা। নিরাপদ আশ্রয়ের জন্য পালিয়ে যায় ঠাকুরগাঁওয়ে মামার বাসায়। পরে রাণীশংকৈল ও বালিয়াডাঙ্গি থানার সীমান্তবর্তী কাশিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, নির্যাতনের ঘটনার পর ঢাকা থেকে বার্তা পাওয়ার পর পুলিশ বিশেষ অভিযান চালায়। বুধবার গভীর রাতে বিশেষ টেকনোলোজির মাধ্যমে ঢাকা থেকে আগত একটি পুলিশের টিম বালিয়াডাঙ্গি থানার সীমান্তবর্তী কাশিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

ঘটনার পর চুরি করা টাকার মধ্যে এক লাখেরও বেশি খরচ করে ফেলেছিলো ওই গৃহকর্মী। উদ্ধার করা হয় ৬০ হাজার টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন। রেখাকে নিয়ে যাওয়া হচ্ছে ঢাকায়। হাজির করা হবে আদালতে।

রাজধানীর মালিবাগের একটি ফাঁকা বাসায় গৃহকর্মীর হাতে নির্যাতনের শিকার হন সত্তরোর্ধ্ব বৃদ্ধা। ওই বৃদ্ধাকে দেখভালের জন্য রাখা হয়েছিল তাকে। সেই গৃহকর্মীর নির্মম নির্যাতনেই এখন জীবনমৃত্যুর সন্ধিক্ষণে। ভাইরাল হওয়া এক সিসিটিভি ভিডিওতে দেখা যায়, ওই বৃদ্ধাকে নগ্ন করে চরম নির্যাতন চালাচ্ছে গৃহকর্মী। গত সোমবার সকাল সোয়া ১০ টার দিকে ওই নির্যাতনের ঘটনা ঘটে।

বছর তিনেক ধরে কিডনিসহ নানা সমস্যায় ভোগা বৃদ্ধা শুয়ে আছেন বিছানায়। পরম যত্নে তার সেবা করছেন রেখা নামের গৃহকর্মী। এরপরই দেখা গেল ভয়ঙ্কর গৃহকর্মীর নির্যাতনের কাণ্ড। সিসিটিভির ভিডিও ফুটেজটি প্রকাশ করে একটি বেসরকারি টেলিভিশন। এরপরই ইন্টারনেটে ভিডিওটি ভাইরাল হয়ে যায়।