বাংলাদেশ ৯৯৫: ১০৫ ওয়েস্ট ইন্ডিজ!

হেঁয়ালি মনে হচ্ছে? মিরপুরে হচ্ছে ক্রিকেট ম্যাচ—আসলে হচ্ছেও না, আপাতত বেরসিক বৃষ্টি এসে থামিয়ে দিয়েছে খেলা—এর মধ্যে ফুটবলের মতো স্কোরলাইন লেখার কী মানে? তারওপর আবার স্কোরটা বিদঘুটে।

এটা ফুটবলের স্কোর নয়, দুই দলের অভিজ্ঞতার ফারাক। করোনাভাইরাসের শঙ্কা কিংবা ব্যক্তিগত কারণ হোক, কিংবা বাংলাদেশে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে না এসে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশ বা কদিন পর হতে যাওয়া টি-টেন লিগে খেলার ইচ্ছা—ওয়েস্ট ইন্ডিজের প্রতিষ্ঠিত ক্রিকেটারদের অনেকেই আসেননি। ২০০৯ সালে বেতনের দাবিতে অভিজ্ঞদের অনেকে সরে যাওয়ায় ওয়েস্ট ইন্ডিজের মাটিতে যেমন নবাগতদের নিয়ে গড়া দলের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ, এবার দেশের মাটিতেও বাংলাদেশের হচ্ছে সেই অভিজ্ঞতা।

নতুনদের নিয়ে গড়া দল হলে যা হয়, আজ মিরপুরে প্রথম ওয়ানডেতে ছয়জনের অভিষেক হলো ওয়েস্ট ইন্ডিজ দলে। তাতে ছয় বছর পুরোনো একটা ম্যাচেও চোখ ফেরাতে হলো। আইসিসির পূর্ণ সদস্যদেশের মধ্যে ওয়ানডেতে এক ম্যাচে এক দলে পাঁচ বা তার বেশি খেলোয়াড়ের অভিষেক যে সর্বশেষ দেখা গেছে ছয় বছর আগে। ২০১৫ সালের মার্চে মালাহাইডে আয়ারল্যান্ডের বিপক্ষে পরীক্ষা-নিরীক্ষার এক দলই নামিয়েছিল ইংল্যান্ড!

আকিল হোসেন, আন্দ্রে ম্যাকার্থি, চেমার হোল্ডার, জশুয়া ডা সিলভা, কাইল মেয়ার্স ও এনক্রুমা বোনার—ওয়েস্ট ইন্ডিজ দলে আজ ওয়ানডে অভিষেক হয়েছে এই ছয়জনের। তাঁদের মধ্যে অবশ্য শুধু ২৭ বছর বয়সী বাঁহাতি অলরাউন্ডার আকিল হোসেনেরই এর আগে আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে কোনোভাবে পরিচয় ছিল না।


ম্যাচের আগে দুই দলের খেলোয়াড়েরা হাঁটু গেড়ে বর্ণবাদবিরোধী আন্দোলনে সমর্থন জানিয়েছেন।
ম্যাচের আগে দুই দলের খেলোয়াড়েরা হাঁটু গেড়ে বর্ণবাদবিরোধী আন্দোলনে সমর্থন জানিয়েছেন



ডা সিলভার গত মাসেই নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট অভিষেক হয়েছে। একই সঙ্গে টেস্ট অভিষেক হয়েছে চেমার হোল্ডারেরও। আর একই সিরিজে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পরিচয় ঘটেছে কাইল মেয়ার্সের।

এনক্রুমা বোনার ও আন্দ্রে ম্যাকার্থির টি-টোয়েন্টি অভিষেক আগেই হয়েছে। ম্যাকার্থির ক্যারিয়ারের একমাত্র আন্তর্জাতিক টি-টোয়েন্টিটি খেলেছেন ২০১৮ সালে পাকিস্তানের বিপক্ষে, বোনার তো আরও পুরোনো পথযাত্রী! সেই ২০১১ সালে ওভালে ইংল্যান্ডের বিপক্ষে তাঁর টি-টোয়েন্টি অভিষেক, এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে শুধু দুটি টি-টোয়েন্টিই খেলেছেন, দ্বিতীয়টি ২০১২ সালের মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে।

শুধু ওয়েস্ট ইন্ডিজ কেন, আজ ওয়ানডে অভিষেকের ক্যাপ পরেছেন তো বাংলাদেশের হাসান মাহমুদও। যে তামিম ইকবালকে একসময় নেটে বোলিং করতেন, পূর্ণকালীন অধিনায়ক হিসেবে এই সিরিজ দিয়েই শুরু করা সেই তামিমের হাত থেকেই আজ ওয়ানডে অভিষেকের টুপি পেয়েছেন এর আগে একটি টি-টোয়েন্টি খেলা হাসান।

তা ওয়েস্ট ইন্ডিজের একসঙ্গে ছয়জনের অভিষেকই ওয়ানডে ইতিহাসে পাঁচ বছর আগে ইংল্যান্ড-আয়ারল্যান্ড ম্যাচের দিকে চোখ ফিরিয়ে নিয়েছে। ২০১৫ সালের ৮ মার্চ ডাবলিনে সিরিজের একমাত্র ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল দুদল। প্রতিপক্ষ আয়ারল্যান্ড বলেই কি না, ইংল্যান্ড দলে বসেছিল নবাগতদের মেলা। একসঙ্গে পাঁচজনের হয় ওয়ানডে অভিষেক।


বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছে হাসান মাহমুদের।
বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছে হাসান মাহমুদের।


মার্ক উড, ডেভিড উইলি, জাফর আনসারি, জেসন রয়, জেমস ভিন্স—নামগুলোর প্রায় সবই এখন ক্রিকেটে দারুণ পরিচিত। শুধু জাফর আনসারিই যা অভিষেকে পাওয়া সুযোগটাকে কাজে লাগাতে ব্যর্থ, এখন পর্যন্ত খেলেছেন তিনটি টেস্ট আর ওই একটি ওয়ানডেই। বাকি চারজনই ইংল্যান্ডের জার্সিতে নিয়মিত মুখ। ওয়েস্ট ইন্ডিজের দলে আজ সুযোগ পাওয়া তরুণদেরও হয়তো আশা—একদিন ওয়েস্ট ইন্ডিজের ভিন্স-রয় হবেন!

ওহ, আরেকটা দিকে অবশ্য মিলে গেছে ছয় বছর আগে-পরের দুটি ম্যাচ। সেদিনও ম্যালাহাইডে বৃষ্টি এসে ব্যাঘাত ঘটিয়েছিল। শুধু ম্যাচের পরিণতিটা একই রকম না হোক, এই আশাই নিশ্চয়ই করবেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। ম্যালাহাইডের ম্যাচটি যে ভাসিয়ে নিয়ে গিয়েছিল বৃষ্টি!