যুক্তরাষ্ট্রের ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছে জো বাইডেন। তার অধীনে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পাচ্ছেন অ্যান্থনি ব্লিংকেন। মন্ত্রী হওয়ার আগেই পশ্চিম তীর নিয়ে করলেন মন্তব্য। যা নিয়ে শুরু হয়েছে সমালোচনা।

সঙ্গত কারণেই বাইডেন প্রশাসনের কাছে ফিলিস্তিনের অনেক প্রত্যাশা। নির্বাচনের আগে দেওয়া প্রচ্ছন্ন প্রতিশ্রুতি তো আছেই, সেই সাথে যোগ হয়েছে ফিলিস্তিনি বংশোদ্ভূত নারীকে নিজের প্রশাসনে নিয়োগ দেওয়ার বিষয়টি।

আল জাজিরার এক প্রতিবেদন বলছে, তেল আবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেম শহরে স্থানান্তর করার মাধ্যমে ফিলিস্তিনিদের অধিকার হরণের অন্যতম বড় দৃষ্টান্ত স্থাপন করে গেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাইডেন প্রশাসনও ওই একই পথে হাঁটছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে গতকাল বাইডেন সরকারের হতে যাওয়া পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন বলেন, জেরুজালেমকে আমরা ইসরায়েলের রাজধানী মনে করি, তাই দূতাবাস সরানোর কোনো কারণ নেই।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনের এমন মন্তব্যে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিন। দেশটির প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে, বিভিন্ন আন্তর্জাতিক আইনে জেরুজালেমকে ইসরায়েলের হাতে দখল হয়ে যাওয়া শহর হিসেবে উল্লেখ করা হয়েছে, যা ব্লিংকেনের মন্তব্যের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। যারা বাইডেন প্রশাসনের কাছে ভিন্ন কিছু আশা করেছিলেন, এই মন্তব্য তাদের জন্য চপেটাঘাত।