টিভি পর্দায় ওয়েস্ট ইন্ডিজ দলের বেশির ভাগ খেলোয়াড় দেখে অনেকে চিনতে পারেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে রঙ্গ-রসিকতাও হয়েছে।
এক ম্যাচে ৬ জনের ওয়ানডে অভিষেক ঘটলে এই রসিকতার সঙ্গে একপেশে জয় আশা করেছিলেন সমর্থকেরা। ১২২ রান তাড়া করতে নেমে বাংলাদেশের ৬ উইকেটের জয়ে তার ছাপ দেখা গেল কতটুকু?
বোলিং নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। কিন্তু ব্যাটিং নিয়ে প্রশ্নটা আরও বাড়ল। শেরেবাংলা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে আজ জিতেছে বাংলাদেশ।
প্রায় ১০ মাসের বেশি সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে নেমে এই জয়টা অবশ্যই সন্তুষ্টির। কিন্তু এই জয়কে আতশ কাচে দেখলে ব্যাটিংয়ের খামতিটা স্পষ্ট হয়ে ওঠে
দেখেশুনে খেলে ৪৭ রানের জুটি গড়েছিলেন দুই ওপেনার লিটন দাস ও তামিম ইকবাল। লিটনের ব্যাটিং স্বাভাবিক ছিল না।
৩৭ বলে ১৪ রানে ফিরেছেন আকিল হোসেনের দারুণ এক ডেলিভারিতে। পুরোনো রোগের মতো এর দুই ওভার পরই মিড উইকেটে ক্যাচ অনুশীলন করিয়েছেন নাজমুল হোসেন শান্ত (১)। ভীষণ দৃষ্টিকটু ছিল তাঁর আউট।

এই স্বল্প লক্ষ্য (১২৩) তাড়া করতে নেমে নিজেদের বিপদ বাড়ানো যে ঠিক হবে না, সে কথাটা মনে রাখতে কষ্ট-ই হয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানদের। ক্যারিবীয় অধিনায়ক জেসন মোহাম্মদের বলে তামিমের (৪৪) স্টাম্পিং মেনে নিতেও কষ্ট হওয়ার কথা ভক্তদের।


0 মন্তব্যসমূহ