যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন এলাকা থেকে মনির হোসেন (৪০) নামে এক ভুয়া সিআইডিকে আটক করেছে পুলিশ। আটককৃত মনির ঢাকার গুলশান-২ এলাকার বাসিন্দা বলে পুলিশকে জানান। তবে পুলিশ খোঁজখবর নিয়ে দেখেন তার বাড়ি সাতক্ষীরার সদর থানার কাঠিয়া এলাকায়। তার নাম রিন্টু মিত্র ও পিতার নাম দেব প্রসাদ মিত্র।

ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব জানান, আটক মনির হোসেন ইমিগ্রেশন এলাকায় এসে বুধবার সন্ধ্যায় কাস্টমস অফিসারের টেবিলে বাংলাদেশি পাসপোর্টধারী এক যাত্রীর আগমনের সময় তাকে ধমকের সাথে জিজ্ঞাসা করে-কাস্টমস অফিসার কত টাকা নিয়েছেন আপনার কাছ থেকে।

তাৎক্ষণিক তার পরিচয় জানতে চাইলে সে সিআইডি কর্মকর্তা বলে পরিচয় দেয়। কাস্টমস কর্মকর্তা সাইফুল ইসলামের সন্দেহ হলে তার পরিচয়পত্র দেখতে চাইলে সে পরিচয়পত্র বের করে দেয়। ইমিগ্রেশন পুলিশের নিকট পরিচয়পত্র নিয়ে গেলে ইমিগ্রেশন পুলিশ ভুয়া বলে প্রমাণ করেন। পরে তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জানতে পারেন তার সঠিক নাম রিন্টু মিত্র।

তাকে বেনাপোল পোর্ট থানায় বুধবার রাতেই সোপর্দ করা হয়। আজ বৃহস্পতিবার সকালে তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে বলে জানান আহসান হাবিব।