বঙ্গোপসাগরের কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ মোহনায় মাছ ধরারত অবস্থায় ১৯ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে যাওয়ার ৯ ঘণ্টার মাথায় ফেরত দিয়েছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)।

বুধবার (২০ জানুয়ারি) রাত ৮ টার দিকে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফনদী এলাকা থেকে তারা ফিরে আসেন। একই দিন সকাল ১১ টার দিকে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায় বিজিপি, এমনটি জানিয়েছেন সাবরাং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মেম্বার নুরুল আমিন।

ইউপি সদস্য নুরুল আমিন বলেন, বুধবার সকাল থেকে বঙ্গোপসাগরে বাংলাদেশ অংশে মাছ শিকার করছিল শাহপরীর দ্বীপ এলাকার ১৯ জেলে। অকস্মাৎ বিজিপির একটি দল এসে চারটি নৌকাসহ বাংলাদেশি ১৯ জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায়। তিনটি নৌকার জাল ও অন্যান্য সরঞ্জাম রেখে দিয়ে ১১ ঘণ্টার মাথায় তাদের ফেরত দিয়েছে। রাত ৮ টার দিকে তারা সাবরাং শাহপরীর দ্বীপ পয়েন্ট দিয়ে এলাকায় ফিরে আসে।

স্থানীয়রা জানান, বুধবার সকালে শাহপরীর দ্বীপের বাসিন্দা কবির আহমদ, মো. বাইলা, মো এনামুল্লাহ, আমির হোসেনের মালিকাধীন নৌকা দিয়ে ১৯ জেলে বঙ্গোপসাগরের নাফনদী মোহনায় মাছ ধরতে যায়। বেলা ১১ টার দিকে অকস্মাৎ মিয়ানমার থেকে একটি স্পীড বোট যোগে এসে বিজিপির সদস্যরা অস্ত্রের মুখে তাদের জিম্মি করে ধরে নিয়ে যায়।

কোস্ট গার্ড টেকনাফ স্টেশনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিজিপি কর্তৃক ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি জেলেদের ফেরত দিয়েছে বলে জেনেছি। কিন্তু এ বিষয়ে কেউ আমাদের অবহিত করেনি।